Hook
বোনের একটি কথা রাখতেই টানা ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি নিয়ে ঘুরছেন জয়দেব বিশ্বাস। পানি খাওয়া, দাঁত মাজা, খাওয়া-দাওয়া এমনকি ঘুমের সময়ও মুখ থেকে বের করেন না আঁটিটি। কথা বলতে গেলেও কিছুটা জড়িয়ে যায় কণ্ঠ। অনেকে তাকে তোতলা মনে করলেও তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। কারণ বোনকে দেওয়া কথা যে রাখতেই হবে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা জয়দেবের নিজের কোনো আপন বোন ছিল না। তাই ভাইফোঁটার দিনে চারপাশের উৎসব দেখলে মন খারাপ হতো তার। একদিন নিজের সেই কষ্টের কথা জানান প্রতিবেশী বাঘা যতীন কলেজের অধ্যাপিকা অগ্নিবীণা দেবীকে। এরপর থেকেই জয়দেবকে ভাইফোঁটার ফোঁটা দিতে শুরু করেন তিনি। প্রতি বছর নিজ হাতে রান্না করে খাওয়াতেন মাছ, মাংস, মিষ্টি, পায়েসসহ নানা পদ। যার মধ্যে জয়দেবের সবচেয়ে পছন্দের ছিল জলপাইয়ের চাটনি। সালটা ১৯৯৬। ভাইফোঁটার দিন তৃপ্তি ভরে জলপাইয়ের চাটনি খাচ্ছিলেন জয়দেব। এমন সময় মজা করে বোন জানতে চান, জলপাইয়ের আঁটিটি কতদিন মুখে রাখতে পারবেন তিনি। উত্তরে জয়দেব বলেন, বোন যতদিন না বলবেন ততদিন আঁটিটি মুখেই রাখবেন। সেই থেকে শুরু। প্রথম দিকে জিভে ঘা, রক্তপাতসহ নানা শারীরিক অস্বস্তি হলেও প্রতিশ্রুতি ভাঙেননি তিনি। সময়ের সঙ্গে আঁটিটি মুখে রাখাই হয়ে গেছে তার অভ্যাস। কিন্তু ২০১২ সালের ২৪ জানুয়ারি মারা যান অগ্নিবীণা দেবী। হারিয়ে যান জয়দেবের প্রিয় বোন। তবে বোনকে দেওয়া কথা আজও ভুলতে পারেননি তিনি। আবেগ আপ্লুত কণ্ঠে জয়দেব বলেন, বোন তো আজ আর নেই। যতদিন বেঁচে আছেন তার স্মৃতিটুকুই এভাবে আগলে রাখবেন। একটি জলপাইয়ের আঁটি যা জয়দেবের কাছে শুধু একটি আঁটি নয় বরং প্রিয় বোনের ভালোবাসা আর ৩০ বছরের এক অটুট প্রতিশ্রুতি।
More breakout videos from this creator.